দুর্ভিক্ষের ঝুঁকিতে সোমালিয়ার ৬৫ লাখ মানুষ
Printed Edition
রয়টার্স
সোমালিয়ায় অন্তত ৬৫ লাখ মানুষ তীব্র দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে- এমন তথ্য উঠে এসেছে দেশটির সরকার এবং জাতিসঙ্ঘের একাধিক সংস্থার রিপোর্টে। তারা বলছে, খরা, সংঘাত এবং বিশ্বব্যাপী সাহায্য হ্রাস সোমালিয়ায় মানবিক সঙ্কট আরো তীব্র করে তুলছে।
ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ কাসিফিকেশন শীর্ষক রিপোর্টে বলা হয়, আগামী মার্চ মাসের শেষ নাগাদ সোমালিয়ার ৬৫ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সঙ্কট বা খাদ্য নিরাপত্তাহীনতার আরো খারাপ স্তরের মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টে আরো বলা হয়, ২০২৬ সালে পাঁচ বছরের কম বয়সী অন্তত ১০ লাখ ৮৪ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে প্রায় পাঁচ লাখ শিশু গুরুতর অপুষ্টিতে ভুগবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পানির ঘাটতি, নিরাপত্তাহীনতা, সংঘাত এবং ঐতিহাসিকভাবে নিম্নস্তরের মানবিক সহায়তার সাথে বিশ্বব্যাপী তহবিল হ্রাসের বিষয়টি যুক্ত হওয়ায় সোমালিয়ায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সাম্প্রতিক সময়ে গড় বৃষ্টিপাতের চেয়ে অনেক কম বৃষ্টিপাত সোমালিয়ায় খরা তীব্রতর করেছে।