চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ভায়াগ্রা, ওষুধ, সিরাপ ও কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার-৬৬/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কলম মিয়ার আম বাগান’ এলাকায় অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় ৮২০ পিস ভারতীয় ভায়াগ্রা, ১৮ বোতল সিরাপ এবং ১ হাজার ৫৯০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার-৬৮/৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গয়েশপুর গ্রামের দক্ষিণপাড়া মাঠের জহুরুলের আম বাগান’ এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাবিলদার মো: ওলিয়ার। সেখান থেকে ১২৯ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। দুটি অভিযানে উদ্ধার করা পণ্যগুলোর কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।