কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে পৃথকভাবে সম্মেলন দুইটি অনুষ্ঠিত হয়। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানানো হয়।

কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।

সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করে কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।

পরে আরভিএন্ডএফ কোরের চতুর্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান।

এ সময় তিনি আরভিএন্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোরটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ফার্মগুলোর উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনগুলোতে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট, আরভিএন্ডএফসি ও কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট কোরের অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।