দুর্নীতিমুক্ত প্রার্থীকে ভোট দিতে চান চাঁদপুরের তরুণরা
Printed Edition
ইলিয়াছ পাটওয়ারী চাঁদপুর
চাঁদপুরের রাজনীতিতে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তরুণ ভোটাররা। দলীয় পরিচয় বা প্রভাবশালী নামের চেয়ে প্রার্থীদের ব্যক্তিগত সততা, নৈতিকতা ও দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকেই তারা ভোটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের পর চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৫৭০ জন তরুণ। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে এক লাখ ৩৬ হাজার ৪৩৭ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে দুই লাখ ২৯ হাজার ৬৬২ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দুই লাখ ৩৪ হাজার ৭৪৫ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এক লাখ ৭৭ হাজার ৩৪ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে দুই লাখ ৩১ হাজার ৬৯২ জন তরুণ ভোটার রয়েছেন। এসব আসনে মোট ভোটারের প্রায় ৩৮ থেকে ৪৬ শতাংশই তরুণ প্রজন্মের।
হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জ, হাইমচর ও চাঁদপুর সদরের বিভিন্ন এলাকার তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারে তারা বিরক্ত। তাদের বলেন, গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে এখন।
ফরিদগঞ্জের চান্দ্রা কলেজের শিক্ষার্থী শরীফ হোসাইন বলেন, আমরা আর গতানুগতিক রাজনীতি দেখতে চাই না। আমরা চাই ‘ভাই পলিটিক্স’ এর অবসান হোক। নেতাদের কাছে কর্মীরা নয় বরং কর্মীদের কাছে নেতারা আসুক।’
বাবুরহাট এলাকার ভোটার চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মুক্তা আক্তার বলেন, ‘প্রার্থীর ব্যক্তিগত চরিত্র, সততা ও দুর্নীতিমুক্ত ভাবমূর্তি দেখেই আমরা ভোট দিবো। আমরা চাই নারীরা নির্ভয়ে চলাচল করবে। কোনো প্রকার বুলিংয়ের স্বীকার যাতে হতে না হয়।’
হাইমচরের তরুণ ভোটার ইমরান হোসাইন বলেন, ‘উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়; ন্যায়ভিত্তিক সমাজ, কর্মসংস্থান, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ এবং শিক্ষা-প্রযুক্তিতে অগ্রগতিই জরুরি। এসব অর্জনে দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব কার্যকর হতে পারে না।’
চাঁদপুর শহরের মিশন রোড এলাকার ভোটার ইয়াছিন পাটোয়ারি জানান, ‘চাঁদাবাজি, দুর্নীতি ও স্বজনপ্রীতির সাথে যুক্ত নন- এমন প্রার্থীই আমাদের পছন্দ।’ রাজনৈতিক বিশ্লেষক প্রভাষক মোহাম্মদ শাহজাহান বলেন, তরুণ ভোটাররা এখন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছেন। প্রার্থীর অতীত, আয়-ব্যয়ের স্বচ্ছতা ও সামাজিক আচরণ তারা গুরুত্বের সাথে বিবেচনা করছেন।
সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মতে, এই পরিবর্তন রাজনৈতিক দলগুলোর জন্য স্পষ্ট বার্তা। তরুণদের আস্থা পেতে হলে দুর্নীতিমুক্ত ভাবমূর্তি ও বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরা ছাড়া বিকল্প নেই। সব মিলিয়ে চাঁদপুরে তরুণ ভোটারদের এই মনোভাব আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।