জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ভর্তির জন্য আবেদন করা সব শিক্ষার্থীর জন্যই পথ খোলা রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অনার্সে ভর্তির ফল প্রকাশ করা হলেও পর্যায়ক্রমে আরো মেধা তালিকা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপর সাধারণ তালিকা থেকেও ভর্তির সুযোগ থাকবে। সর্বশেষ অনার্সে যারা ভর্তি হতে পারবেন না তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সেও ভর্তির সুযোগ থাকবে। অর্থাৎ আবেদন করা চার লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর সবাই অনার্স কিংবা পাস কোর্সে ভর্তির সুযোগ পাবে। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর অনেকে প্রথম মেধাতালিকায় কলেজ ও বিষয় পাননি। তবে তাদের জন্য একাধিক সুযোগ থাকছে। তারা পরবর্তীতে মেধাতালিকায় আসতে পারেন। এ ছাড়া অন্য ডিগ্রিতে ভর্তির সুযোগ তো থাকছেই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম ধাপে দুই লাখ ২৯ হাজার ৭৬৫ জনকে মেধাতালিকায় স্থান দেয়া হয়েছে। তবে এতে স্থান না পাওয়া অনেক শিক্ষার্থীর জন্য পরবর্তী ধাপগুলোতে সুযোগ উন্মুক্ত থাকবে। সিট পূরণের লক্ষ্যে ধাপে ধাপে দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে যারা প্রথম মেধা তালিকায় কলেজ ও বিষয় পাননি, তারা পরবর্তী তালিকাগুলোতে সুযোগ পেতে পারেন। সব মেধাতালিকা প্রকাশের পরও ভর্তি কার্যক্রম শেষ হবে না। সর্বশেষ ধাপে ‘রিলিজ স্লিপ’-এর মাধ্যমে আবার আবেদন করার সুযোগ থাকবে। এ পর্যায়ে ৩৫ বা তার বেশি নম্বর পাওয়া ভতিচ্ছু শিক্ষার্থীরা একাধিক কলেজ ও বিষয়ে পছন্দক্রম দিতে পারবেন, যা তাদের ভর্তির সম্ভাবনা বাড়াবে।

অন্য দিকে, যারা ভর্তি পরীক্ষায় পাস মার্ক অর্জন করতে পারেননি, তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্সে ভর্তির সুযোগ রাখা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন তিন লাখ ৬৪ হাজার ১৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৮০.৩৬ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম মেধাতালিকায় মানবিক বিভাগ থেকে এক লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছে। প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ৫ মে থেকে, যা চলবে ১৭ মে পর্যন্ত। ভর্তিচ্ছুদের অনলাইনে ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে এবং ৬ মে থেকে ১৮ মে’র মধ্যে এক হাজার ১৩০ টাকা ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ১৯ মে’র মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে অনলাইন আবেদন ফর্ম, অ্যাডমিট কার্ড, এসএসসি ও এইচএসসি সনদ ও মার্কশীট, প্রশংসাপত্র, এনআইডি বা জন্মনিবন্ধন এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মাত্র এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে।