সাফের সভাপতি সালাহউদ্দিনই
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সেই ২০০৯ সালে শুরু। সেবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন কাজী সালাহউদ্দিন। তখন তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। ২০২৪ সালে বাফুফের সভাপতির পদে আর নির্বাচন করেননি বাংলাদেশের ফুটবলের অন্যতম বড় তারকা। তবে সাফের সভাপতি পদে বহাল ছিলেন। এবারো তিনি সাফের সভাপদি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল ভুটানে সাফের এজিএমে পুনরায় সালাহউদ্দিনের উপর আস্থা রাখে সাফের সদস্য দেশ গুলো। এ নিয়ে টানা ৫ম বারের মতো সাফের সভাপতি হলেন তিনি।
সাফের সভাপতি হতে হলে বয়স ৭০ এর মধ্যে থাকতে হবে। এমন আইন ছিল। সেই আইন রদ করা হয়েছে আগেই। ফলে বাংলাদেশের এই ক্রীড়া সংগঠকের সভাপতি পদে নির্বাচন করতে আর কোনো বাধাই থাকেনি। সেই সাথে এবারো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি। আর কেউই সভাপতি হতে প্রার্থিতা জমা দেননি। এখন ২০৩০ সাল পর্যন্ত তিনি সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে সাফের নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ইউনিয়নের সেক্রেটারি সাব্বির আহমেদ আরেফ। সহসভাপতি হয়েছেন শ্রীলঙ্কার জাসওয়ার ওমর।
সালাহউদ্দিনের সময় সাফের কাজে গতি এসেছে। টুর্নামেন্ট বেড়েছে। তবে এখনো প্রতিশ্রুত সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা সম্ভব হয়নি। যদিও গত বছর নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ হয়েছিল। সালাহউদ্দিন অবশ্য পুনরায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার ঘোষণা দিয়েছেন।