চুক্তি নবায়ন না করলে ক্লাব ছাড়তে হবে ভিনিসিয়াসকে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের সাথে ২০২৭ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের। সংবাদ মাধ্যমের বেশ কিছু দিনের খবর, ব্রাজিলিয়ান তারকাকে দলে পেতে চায় আর্সেনাল। তবে তার সাথে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এখনো যোগাযোগ করেনি বলে খবর রয়েছে। এর মাঝেই সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে নিজের ভবিষ্যত অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে সূত্রের বরাত দিয়ে লিখেছে ইএসপিএন।

রিয়াল মাদ্রিদে সাথে অল্প সময়ের মধ্যে যদি নতুন চুক্তি না করেন ব্রাজিলিয়ান উইঙ্গার, তাহলে তাকে এই গ্রীষ্মেই বিক্রি করে দিতে আলোচনা শুরু করবে স্প্যানিশ ক্লাবটি। চুক্তির মেয়াদ বাড়ানোর আগের প্রস্তাবে যে সুযোগ-সুবিধার কথা বলা হয়েছিল, সেই পরিকল্পনা থেকেও নাকি সরে এসেছে ক্লাবটি।

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে আগামীকাল প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য ক্লাবে ফেরার কথা ভিনিসিয়াসের। তবে রিয়াল মাদ্রিদে চুক্তির মাত্র এক মৌসুম বাকি থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে ভিনিসিয়াসের।

ক্লাবের সূত্রের বরাতে ইএসপিএন জানায়, রিয়ালের কর্মকর্তাদের সাথে ভিনিসিয়াসের প্রতিনিধির এখনো আলোচনায় বসার তারিখ নির্ধারিত হয়নি। তাই ক্লাব মনে করে, পুরো বিষয়টি এখন খেলোয়াড়ের ওপর নির্ভর করছে; তিনি কি নতুন চুক্তি করতে চান নাকি অন্যত্র চলে যেতে চান।