আস্থার প্রতিদান দিতে চান ফোডেন
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটি ক্লাবের আস্থার প্রতিদান দিতে চান ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফিল ফোডেন। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে নতুন উদ্যমে নিজের সেরা ছন্দে ফিরতে মুখিয়ে আছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে ১৯ গোল করেছিলেন ফোডেন। সেই মৌসুমে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি পেশাদার ফুটবলারদের সংগঠনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় এবং প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন।
তবে পরের দুই মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ১০ গোল। এ ছাড়া ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ৩১ ম্যাচে গোলের দেখা পাননি। তবুও ফোডেনের ওপর আস্থা রেখেছে ম্যানচেস্টার সিটি। গত মাসে ক্লাবটির সাথে নতুন চার বছরের চুক্তি করেছেন তিনি, যার ফলে ২০৩০ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই থাকবেন এই ইংলিশ মিডফিল্ডার।
নতুন চুক্তি নিয়ে ফোডেন বলেন, ‘ক্লাবের এই আস্থা আমাকে অনেক স্বস্তি দিয়েছে। এখন আমি শুধু নিজের সেরাটা দেয়ার দিকে মনোযোগ দিতে পারছি। তারা আমার ওপর যে বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দেয়ার সময় এসেছে।’