বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Printed Edition
bangla-4
গোমস্তাপুর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা চত্বরসংলগ্ন মরহুম বাইরুল চেয়ারম্যানের চাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম চাইনিজ। সভায় উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, সাবেক জেলা যুবদল সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, সাবেক রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।