ইংলিশ গতির মুখোমুখি স্প্যানিশ ছন্দ

আর্সেনালের সামনে অ্যাথলেটিকো মাদ্রিদ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাাম্পিয়ন লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও স্প্যানিশ অ্যাথলেটিকো মাদ্রিদ। স্পেনের রাজধানী মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।

সাম্প্রতিক সময়ে আর্সেনালের পারফরম্যান্স কিছুটা ওঠানামার মধ্যে রয়েছে। লিগ কাপ ফাইনাল ও গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে পরাজয়ের পরও তারা লিগ জয়ে সমান তালে লড়াই করছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন শীর্ষে অবস্থান করছে দলটি।

চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ফর্মে রয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল আর্সেনাল। ১২ ম্যাচে মাত্র পাঁচ গোল হজম করলেও এখনো পরাজয়ের মুখ দেখেনি মিকেল আর্র্টেটার দল। শক্ত প্রতিরক্ষা গড়ে তুলেছে তার শিষ্যরা। কোয়ার্টারে তারা স্পের্টিং সিপিকে দুই লেগ মিলিয়ে ১-০তে পরাজিত করে সেমিতে জায়গা করে নিয়েছে।

তবে প্রতিপক্ষ দিয়েগো সিমিওনের অধীনে অ্যাথলেটিকো মাদ্রিদ বরাবরই কঠিন প্রতিপক্ষ, বিশেষ করে নিজেদের মাঠে। যদিও এবারের মৌসুমে তাদের রক্ষণ কিছুটা দুর্বল। ১৪ ম্যাচে ২৬ গোল হজম করেছে দলটি। আক্রমণে অবশ্য জুলিয়ান আলভারেজের পারফরম্যান্স উল্লেখযোগ্য। তিনি ইতোমধ্যে ৯ গোল করেছেন।

দুই দল চলতি মৌসুমেই একবার মুখোমুখি হয়েছিল, যেখানে আর্সেনাল ৪-০ গোলের বড় জয় তুলে নেয়। তবে সেমিফাইনালের মতো উচ্চচাপের ম্যাচে সেই ফলাফলের পুনরাবৃত্তি সহজ হবে না।

অন্য দিকে লা লিগায় চতুর্থ স্থানে থাকা অ্যাথলেটিকোর জন্য চ্যাম্পিয়ন্স লিগই এখন শিরোপার শেষ সুযোগ। কোপা দেল রে ফাইনালে হারের পর এই প্রতিযোগিতায় সাফল্যই তাদের প্রধান লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠা দলটি ঘরের মাঠে প্রথম লেগে এগিয়ে থেকে পরের লেগে চাপ সামাল দেয়ার কৌশলে সফল হয়েছে।

অ্যাথলেটিকোর মিডফিল্ডার পাবলো বারিয়োস চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না। এ ছাড়া আদেমোলা লুকম্যানের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।