মিসাইল হামলায় নিহত প্রবাসী মামুনের লাশ গ্রামের বাড়িতে পৌঁছেছে

Printed Edition

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় নিহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আবদুল্লাহ আল মামুনের (৩৫) লাশ বাংলাদেশে পৌঁছেছে। গতকাল সোমবার সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মামুনের লাশ। বেলা ২টায় দিকে লাশ নিজ গ্রামের আসার পর পরিবারে লোকজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী নুরুল হক। নিহত আবদুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি।

সংসারে সচ্ছলতা ফেরাতে তিনি প্রায় ১৫ বছর আগে সৌদি আরবে যান। সবশেষ ৫ বছর আগে তিনি দেশে এসেছিলেন। তার স্ত্রীর নাম শারমিন আক্তার (৩০)। এ দম্পতির মাহেদী শেখ নামে ছয় বছরের একটি পুত্রসন্তান আছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় মামুন গুরুতর আহত হন। বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে ১৭ মার্চ রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ১০দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।