স্বেচ্ছাসেবক দলনেতা মোছাব্বির হত্যায় আরেক শুটার গ্রেফতার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বির (৪৪) হত্যা মামলায় আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ভোরে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, গত ১১ জানুয়ারি শুটার জিন্নাতসহ চারজনকে গ্রেফতার করা হলেও শুটার রহিম পলাতক ছিল। পরে শুক্রবার তাকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়। অভিযান এখনো চলমান।

গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে মোসাব্বিরকে গুলি করে মোটরসাইকেলে আসা আততায়ীরা। এ সময় তার সাথে থাকা আবু সুফিয়ান ব্যাপারি মাসুদও গুলিবিদ্ধ হন। মোছাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্মসম্পাদকও ছিল। আর মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। পরে মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম ৮ জানুয়ারি অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ১০ জানুয়ারি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই শুটারের একজন জিন্নাত, মূল সমন্বয়কারী মো: বিল্লাল, ঘটনার পর আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির এবং হত্যার আগের দিন ঘটনাস্থল রেকি করা মো: রিয়াজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।