সিনেমা এবং ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত মিম

Printed Edition
bino-5
সিনেমা এবং ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত মিম

বিনোদন ডেস্ক

বাংলাদেশের সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে প্রায় শেষ করেছেন তিনি দু’টি সিনেমার কাজ। সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমার কাজ শেষ পর্যায়ে। অন্যদিকে শুটিং চলছে ‘জীবন অপেরা’ নামের এক সিনেমার। ‘মালিক’ সিনেমায় তার বিপরীতে আছেন আরিফিন শুভ। ‘জীবন অপেরা’ সিনেমায় তার বিপরীতে আছেন শরীফুল রাজ। আলভী আহমেদের নিদেশনায় ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং নিয়েই এখন ব্যস্ত বিদ্যা সিনহা মিম। তবে মিম জানালেন, এরই মধ্য তিনি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। নাম ‘লাইফ লাইন’। কাজী আজাদের পরিচালনায় এই ওয়েব ফিল্মে চাকরিজীবী একজন সাধারণ মেয়ের ভূমিকায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। সিনেমা ও ওয়েব ফিল্মের বাইরে বিদ্যা সিনহা মিম সবসময়ই ব্যস্ত থাকেন তিনি যেসব কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন সেসব কোম্পানির পণ্যের বছরজুড়ে প্রচারণা নিয়ে। যেমন বিদ্যা সিনহা মিম ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন লাক্সের। এ ছাড়াও আরো সাতটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ২০২২ সাল থেকে। যে কারণে সিনেমার বাইরে কিংবা কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাজের বাইরে এসব প্রতিষ্ঠানের নানান ধরনের কার্যক্রমের সাথে মিমকে যুক্ত থেকে ভীষণ ব্যস্ত সময় পার করতে হয় বছরজুড়েই। সিনেমা ও ওটিটির কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘লাইফ লাইন-ওয়েব ফিল্মটার চরিত্র আমার কাছে ভালো লেগেছে। একজন সাধারণ মেয়ের এক অন্যরকম জীবনের গল্পের ওয়েব ফিল্ম এটি। নির্মাতা ভীষণ যতœ নিয়ে কাজটি করেছেন। অন্যদিকে সাইফ চন্দনের পরিচালনায় মালিক সিনেমার কাজও প্রায় শেষ। শুটিং চলছে আলভী আহমেদের জীবন অপেরা সিনেমার। এর আগে রাজের সাথে আমার অভিনীত পরাণ সিনেমাটি দর্শকের মন জয় করে নিয়েছিল। আশা করছি, জীবন অপেরা-সিনেমাটিও সবার অনেক ভালো লাগবে। সিনেমার গল্প এবং আমার চরিত্রটি ভীষণ পছন্দ হয়েছে। যে কারণে প্রত্যাশা একটু বেশি।