টাঙ্গাইল-১ আসনে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ
Printed Edition
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব:) আসাদুল ইসলাম আজাদের নারী কর্মীদের ভোট চাইতে বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির ধানের শীষ প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।
গত শনিবার দুপুরে ধনবাড়ী পৌর শহরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। লিখিত বক্তব্যে নারী কর্মীরা অভিযোগ করেন, সকাল ১০টার দিকে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকে ভোট চাইতে গেলে বিএনপি নেতা পলাশ ও তার সহযোগীরা তাদের বাধা দেন।
অভিযোগে বলা হয়, ছাত্রদল ও বিএনপির কয়েকজন কর্মী তাদের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজ করে এবং নারীদের পোশাক ধরে টানাটানির মতো ঘটনা ঘটায়। একই দিনে পাইস্কা ইউনিয়নের কয়ড়া এলাকার ধুঁকেরখুলে প্রচারণায় গেলে আরো দুই নারী কর্মী বাধার মুখে পড়েন বলেও দাবি করা হয় ও সংবাদ সম্মেলনে। এ ছাড়া তালা প্রতীকের পক্ষে কাজ করায় এক কর্মীর স্বামীকে পরিবহন সেক্টরের চাকরি থেকে বাদ দেয়ারও অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, মধুপুরের কয়েকটি এলাকায় নারী এজেন্টদের কাগজপত্র ছিনিয়ে নেয়া, অফিস ভাঙচুর ও ব্যানার ছেঁড়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর বড় ভাই আশরাফুল ইসলাম মাসুদ বলেন, বিষয়গুলো সংশ্লিষ্ট দফতরে লিখিতভাবে জানানো হয়েছে।
অন্যদিকে ধনবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ অস্বীকার করেন।