শ্রীপুরে জেলের জালে মাছের বদলে উঠে এলো ৭ ককটেল

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে একটি কলেজসংলগ্ন পুকুরে মাছ ধরার জালে মাছের পরিবর্তে সাতটি ককটেল উঠে এসেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজসংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো উদ্ধার করেন।

স্থানীয় জেলে জাহাঙ্গীর আলম জানান, সকালে তারা তিনজন মিলে ওই পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। জাল টানার সময় মাছের সাথে ইট বাঁধা একটি ভারী ব্যাগ উঠে আসে। কৌতূহলবশত ব্যাগটি খুলে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক ‘৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা পুকুরপাড়ে ভিড় জমায়। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা এলাকাটি ফিতা দিয়ে ঘিরে কর্ডন করে রাখেন। পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ব্যাগটি পরীক্ষা করে তার ভেতর থেকে সাতটি ককটেল উদ্ধার করে। জনাকীর্ণ এলাকায় ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ককটেলগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এগুলো নিষ্ক্রিয় করার পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবসতিপূর্ণ এলাকার পুকুরে ককটেল ভর্তি ব্যাগটি ফেলে গেছে, তা গুরুত্বের সাথে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় থানায় একটি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।