ফের মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপে দেশের মানুষ
Printed Edition
বিশেষ সংবাদদাতা
- ফেব্রুয়ারিতে বেড়ে ৯.১৩ শতাংশ
- বাড়ছে মূল্যস্ফীতি, কমছে মজুরির হার
জীবনযাপনে স্বস্তিতে নেই দেশের সাধারণ মানুষ। মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট হচ্ছে মানুষ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারিতে এসে আবার মাথাচাড়া দিয়েছে। এই মাসে মূল্যস্ফীতির হার ৯.১৩ শতাংশে উঠে এসেছে। তবে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার আরো বেশি। মূল্যস্ফীতির হার বাড়লেও কমছে দেশের মানুষের মজুরি হার। এটা কমে এখন ৮.০৬ শতাংশে নেমেছে বলে বাংলাদেশ পরিসংখ্যান বুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য থেকে জানা গেছে।
রোববার প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গ্রামের মূল্যস্ফীতির হার শহরের চেয়ে বেশি। সার্বিকভাবে মূল্যস্ফীতির হার জানুয়ারির ৮.৫৮ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৯.১৩ শতাংশ হয়েছে। আর খাদ্য খাতে মূল্যস্ফীতির হার জানুয়ারির ৮.২৯ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে হয়েছে ৯.৩০ শতাংশ। যেটা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছিল ৯.২৪ শতাংশ। এ ছাড়া খাদ্য বহির্ভূত খাতে এই হার ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে ৯.০১ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৮.৮১ শতাংশ।
গ্রামে মূল্যস্ফীতি ৯.২১ শতাংশ : ফসল উৎপাদনকারী গ্রামের মানুষগুলো ভালো নেই। ২০২৫ সালের ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতির চাপ থেকে গত জানুয়ারিতে মুক্তি পেলেও ফেব্রুয়ারিতে আবার সেই ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতির চাপে তারা। সার্বিকভাবে চলতি বছরের জানুয়ারিতে যেখানে মূল্যস্ফীতির হার ছিল ৮.৬৩ শতাংশ, সেটা ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে ৯.২১ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৯.৫১ শতাংশ। আর খাদ্য খাতে মূল্যস্ফীতির হার জানুয়ারির ৮.১৮ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৯.০৭ শতাংশে উন্নীত হয়েছে। যা গত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছিল ৯.১৫ শতাংশ। এ ছাড়া খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে ৯.৩৪ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৯.০৪ শতাংশ। তবে ২০২৫ সালে এটি আরো বেশি ৯.৮৫ শতাংশ ছিল।
শহরের মূল্যস্ফীতির হার ৯.০৭ শতাংশ: বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে শহরের মানুষগুলোকেও। ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার ৯.০৭ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৮.৫৭ শতাংশ। খাদ্য খাতে মূল্যস্ফীতি শহরে এখন সবচেয়ে বেশি। ফেব্রুয়ারিতে এই হার ৯.৮৭ শতাংশে পৌঁছেছে, যা জানুয়ারিতে ছিল ৮.৬১ শতাংশ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এটি ছিল ৯.৮৭ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার যৎসামান্য বাড়লেও তা ৯ শতাংশের নিচে রয়েছে। ফেব্রুয়ারিতে ৮.৫৭ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৮.৫৪ শতাংশ।
মজুরি হার কমে ৮.০৬ শতাংশ: বিবিএসের তথ্য বলছে, মূল্যস্ফীতির জাঁতাকলে থাকলেও মজুরি হার বাড়ছে না। ফেব্রুয়ারিতে এই হার কমে জানুয়ারির ৮.০৮ শতাংশ থেকে ৮.০৬ শতাংশে নেমেছে। কৃষিতে এই হার কমে ৮.১০ শতাংশে, শিল্পে ৭.৯৯ শতাংশে এবং সেবা খাতে কমে ৮.২০ শতাংশে এসেছে।