নাজমুস সাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে এ উপলক্ষে মুবারক র‍্যালি ও মহানবী (সা.)-এর জীবনী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে মুবারক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: সেকান্দার আলী।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী।

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খানের সঞ্চালনায় সভায় আলোচনা করেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ খ ম ওয়ালী উল্লাহ, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. হাফেজ আবু নোমান মো: এরশাদ উল্লাহ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কাউছার মো: বাকী বিল্লাহ।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ সা.-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবীর সা. আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে বাদ জোহর নবীজির সা. শানে দরুদ পাঠ ও সমগ্র মুসলিম জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।