শহীদ হাদির জানাজায় আসতে ডিএমপির বিশেষ নির্দেশনা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে আজ বাদ জোহর বিপুল জনসমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন নগরবাসীকে কিছু ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করেছে ডিএমপি।

গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে। ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।

ধানমণ্ডি হতে ফার্মগেটগামী যানবাহন ধানমণ্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে। আসাদগেট হতে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড হতে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমণ্ডির দিকে গমন করবে। মিরপুর রোড হতে ধানমণ্ডি ২৭ গামী যানবাহন মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমণ্ডি ২৭ এর দিকে চলাচল করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলোকে জানাজা নামাজ চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়। এ ছাড়াও সব যানবাহন চালককে আজ সকাল হতে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে নির্দেশনা মোতাবেক চলাচলে ও নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোনো প্রকার ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করে ডিএমপি।