হেলথ টিপস

রোজায় মাথাব্যথা হলে

Printed Edition

রমজান মাসে জীবনধারা বদলে যায়। পরিবর্তিত সময়ে সবার খাবার খাওয়া কিংবা ঘুম ঠিকঠাক না-ও হতে পারে। এমনটা হলে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। মাথাব্যথা তেমনই এক সমস্যা।

রমজান মাসে মাথাব্যথার অন্যতম কারণ পানিশূন্যতা। অনেকেই রাতে বেশি পানি খেয়ে অভ্যস্ত নন। তাই ইফতার থেকে সাহরি পর্যন্ত সারা দিনের পানির চাহিদা মিটিয়ে নেয়া কঠিন হয়ে দাঁড়ায়।

রমজান মাসে সাধারণত পানিশূন্যতাজনিত মাথাব্যথা হয় দিনে, পড়ন্ত বেলায়। এই সময়টায় মাথাব্যথার আরেকটি কারণ হলো রক্তের শর্করা কমে যাওয়া। বিশেষত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এমনটা হওয়ার ঝুঁকি থাকে।

রমজান মাসে সাহরির সময় তো ওঠা হয়ই, কারো কারো অফিসের সময়ও বদলায়। ঘরের কাজের ধারায় আসে পরিবর্তন। এমন সব কারণে ঘুমের সময়ও বদলে যায়। পর্যাপ্ত ঘুম না হলে মাথাব্যথা হতে পারে।

দিনের নির্দিষ্ট সময়ে কারো চা-কফি খাওয়ার অভ্যাস থাকলে ওই সময়টায় তার মাথাব্যথার ঝুঁকি থাকে।

তবে কিছু রোগের কারণেও মাথাব্যথা হতে পারে। পরিবর্তিত জীবনধারার কারণে মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তির মাথাব্যথা বাড়তে পারে। ডায়াবেটিস বা উচ্চরক্তচাপে আক্রান্ত ব্যক্তি ওষুধ সেবনে অনিময় করলে কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। এসব সমস্যার লণও হতে পারে মাথাব্যথা।

মাথাব্যথা এড়াতে চাইলে

ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি খেতে হবে। সাহরি খেতে হবে বুঝে শুনে। প্রক্রিয়াজাত এবং পরিশোধিত (রিফাইনড) খাবার (যেমন ইনস্ট্যান্ট নুডলস) এড়িয়ে চলুন । দিনে চা-কফি খাওয়ার অভ্যাস থাকলে সাহরি ১৫-২০ মিনিট পর খেয়ে নিতে পারেন। তবে সাহরিতে পর্যাপ্ত পানি খেতে ভুলবেন না। চা-কফি খাওয়ার কারণেও পানিশূন্যতা হতে পারে। পরিবর্তিত জীবনধারা অনুযায়ীই নির্দিষ্ট সময়ে ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। রাতে অনিদ্রার ভোগান্তি না হলে দিনে সুযোগ করে একটু ঘুমিয়ে নিতে পারেন। ইন্টারনেট।