যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক সাময়িক বহিষ্কার

Printed Edition

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ড. শাকিবুল ইসলাম ভবিষ্যতে আর কখনোই কোনো নারী শিক্ষার্থীর সুপারভাইজার হতে পারবেন না।

উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী এ বিষয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো শিক্ষার্থী শিক্ষক বা অন্য কারো দ্বারা হয়রানির শিকার হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন অর রশীদ জানান, তদন্ত কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে। এখন প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের সুনির্দিষ্ট শাস্তি নির্ধারণ করবে। ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।

প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফাহিম নামে এক শিক্ষার্থী বলেন, “আমরা এই সাহসী পদক্ষেপকে ধন্যবাদ জানাই। বিগত সময়ে নিয়োগপ্রাপ্ত অনেক শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ রয়েছে। আমরা আশা করি, অপরাধে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”

উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী সহকারী অধ্যাপক শামীম হোসেনের বিরুদ্ধে ৩১ পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। অন্য দিকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক ছাত্রী ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্ত কমিটি ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণের পর সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দিলে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।