চর থেকে ৪ বিদেশী পর্যটককে উদ্ধার করল কোস্ট গার্ড
Printed Edition
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতকারীদের হামলার মুখে পড়া নিউজিল্যান্ডের একদল পর্যটককে তাৎক্ষণিক অভিযানে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পর্যটকরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। গত বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক গ্যারি জন এডওয়ার্ড পাডনি এবং তার পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আগমন করেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট/ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ গ্রহণ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে এবং গত ১ মার্চ প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে, তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের পাসপোর্টের মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে।
এ দিকে, এই বিদেশী পর্যটকরা কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় গত ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পর্যটকদের জীবিত উদ্ধার করে। এ সময় আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে লুট হওয়া বেশির ভাগ মালামাল উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড জানায়, জড়িতদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে আরো অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
উদ্ধারের পর পর্যটকরা কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।