টানা ৪ জয় টাইগ্রেসদের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে টানা চার ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে টাইগ্রেসরা। আগে ব্যাটিংয়ে নেমে গতকাল নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ নারী দল। লক্ষ্য তাড়ায় চার উইকেট হারিয়ে ১৪৪ রানেই থেমে যায় আইরিশরা। তাতে গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জয় পেল আগেই সুপার সিক্স নিশ্চিত করা বাংলাদেশ।

কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৩ ও ব্যক্তিগত ১১ রান নিয়ে প্রথমে সাজঘরে ফেরেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন আক্তারকে সাথে নিয়ে ৭০ রানের জুটি দিলারা আক্তারের। এরপর ২৭ বলে ৩৫ রান করে আউট হন ওপেনার দিলারা। তবে ৪৫ বলে ৫২ রান করেন শারমিন। বিশ্বকাপ বাছাইয়ে এটি তার দ্বিতীয় ফিফটি। ১৩ বলে ১৩ রান আসে অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে। শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল আয়ারল্যান্ড। ওপেনার অ্যামি হান্টার (৩৫*) যখন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, স্কোরবোর্ডে আইরিশদের রান ৭.৩ ওভারে ৫৩। আর ১০.৪ ওভারে প্রথম উইকেট হারায় দলীয় ৭১ রানে। ওপেনিংয়ে নেমে ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। তার পরও বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সমীকরণ মেলাতে পারেনি আইরিশরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী দল : ১৫৩/৭ (২০ ওভার) দিলারা ৩৫, জুয়াইরিয়া ১১, শারমিন ৫২, নিগার সুলতানা ১৩, সুবহানা মোস্তারি ৩০; ম্যাগুয়ের ২/২৪, কেলি ২/৪৪।

আয়ারল্যান্ড নারী দল : ১৪৪/৪ (২০ ওভার) লুইস ৭৩, হান্টার ৩৫*, ওরলা প্রেন্ডারগাস্ট ১২; লরা ডেলানি ১৩; স্বর্ণা ২/১৭, রাবেয়া ১/৩৪।

ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।