‘বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে’
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ভারতে নিরাপত্তাশঙ্কায় টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসিকে ভেনু বদলের অনুরোধও করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২১ জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী খেলতে হবে ভারতেই। এমন প্রেক্ষাপটে গতকাল লাহোরে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশের পক্ষ নেয়া পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করেন তিনি। নাকভি বলেন, ‘বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না। যেখানে একটি দেশ যখন ইচ্ছা যেমন খুশি সিদ্ধান্ত নিতে পারে, আর আরেক দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয়।’ উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় আইসিসি জানায়, তারা বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দিচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বাংলাদেশের ভেনু বদলানোর অনুরোধ সমর্থন করে আইসিসির উদ্দেশে বলেন, অতীতে ভারত ও পাকিস্তানকে যে সুবিধা দেয়া হয়েছে, সেটা বাংলাদেশেরও প্রাপ্য। বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ খেলতে দেয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সাথে আলোচনা করবে বলেও জানান।
বাংলাদেশকে সমর্থন জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টের দায়িত্বে থাকা নাকভি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেয়া উচিত। তারা ক্রিকেটের একটি বড় অংশীদার, তাদের প্রতি এই অবিচার করা উচিত নয়।’
পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা সম্পর্কে পিসিবি প্রধান বলেন, ‘এ সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে। প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন। তিনি ফিরে এলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা সরকারের অধীন, আইসিসির নয়।’
বাংলাদেশের জন্য হাইব্রিড মডেলের প্রস্তাব আইসিসিকে দেয়া হবে কি না? এ প্রশ্নে নকভি বলেন, ‘পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যদি হাইব্রিড মডেল গ্রহণযোগ্য হয়, তাহলে একই সুবিধা বাংলাদেশের জন্যও প্রযোজ্য হওয়া উচিত। বাংলাদেশ আমাদের মতোই পূর্ণ সদস্য।’ তিনি আরো বলেন, ‘কোনো দেশ অন্য দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। যদি তা করা হয়, পাকিস্তানের নিজস্ব অবস্থান থাকবে।’
পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে নাকভি বলেন, ‘আগে সিদ্ধান্ত আসুক; আমাদের কাছে এ বি সি ডি- সব পরিকল্পনাই প্রস্তুত আছে।’