সদরপুরে বিদেশী পিস্তল গুলি ও ককটেল উদ্ধার

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সেভেন পয়েন্ট ফাইভ এম এম পিস্তল, ১ রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টয়লেট থেকে এসব অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার করার পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সবসময় সতর্ক অবস্থায় রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য কেউ জানতে পারলে দ্রুত নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করার অনুরোধ জানিয়ে ওই সেনা কর্মকর্তা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।