ফেনী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের মাইন্ড ম্যারাথন সিজন–৩ অনুষ্ঠিত হচ্ছে।
গত ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও মেধা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ফেনীর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী শাহীন একাডেমি, ফেনী জিএ একাডেমি, ফেনী সিটি গার্লস হাইস্কুল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল, শান্তি নিকেতন ইনস্টিটিউট ও হলি ক্রিসেন্ট ইনস্টিটিউটসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
শিশু-কিশোরদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেও আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করছেন ফেনী শাখার পরিচালক মো: নোমান, সহকারী পরিচালক খালেদ সাইফুল্লাহ মাসুম, মিডিয়া সম্পাদক শাহাজাদা আহমদ হোসেনসহ শাখার অন্যান্য সংগঠক।
প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ইতিবাচক মন্তব্য করেছেন। অভিভাবকরাও শিশু-কিশোরদের মেধা যাচাই ও বিকাশে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের বাছাই করে জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। এতে ফেনীর শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখার প্রত্যাশা তৈরি হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, মেধা, মনন ও জ্ঞানচর্চার প্রসারে ফুলকুঁড়ি আসরের এ আয়োজন ভবিষ্যতে শিশু-কিশোরদের মধ্যে আরো ব্যাপক সাড়া ফেলবে।