রাতে অপহরণ, সকালে মিলল লাশ
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর লক্ষ্মীপুরের রায়পুরে রাজিব হোসেন (১৪) নামে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এক লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। গত শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ চর-আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে তাকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানায় পরিবারের লোকজন। রাজিব দক্ষিণ চর-আবাবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফজু স্টেশন এলাকার অটোরিকশা চালক মোস্তফা ড্রাইভারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার পর রাজিব নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে না পেয়ে পুলিশকে জানানো হয়।
এদিকে রাজিবের অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রাজিবের রক্তাক্ত লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সুরতহালে লাশের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
রাজিবের মামা শাহজাহান মাঝি বলেন, অপহরণের পর একটি মোবাইল ফোন নাম্বার থেকে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনিচার্জ বেলায়েত হোসেন বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি তার জানা নেই।