কালবৈশাখীতে গাছচাপায় নিহত ৫
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে দুই জেলায় ৫ জন প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত বগুড়া ও জামালপুরে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ির ওপর গাছ উপড়ে পড়ে জামালপুরের মেলান্দহে একই পরিবারের মা ও দুই মেয়ে এবং বগুড়ায় দুই ব্যবসায়ী নিহত হন। এছাড়া ঝড়ে বোরো ধান, ভুট্টা ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা জানান, গাছচাপায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গাবতলী উপজেলার লাঠিগঞ্জ বাজারে ঝড়ে একটি বড় বটগাছ ভেঙে দোকানের ওপর পড়লে ব্যবসায়ী উমা চন্দ্র (৫২) ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসকর্মীরা গাছ কেটে তার লাশ উদ্ধার করেন। অন্যদিকে, সারিয়াকান্দি উপজেলা সদরের নিজ বাটিয়া গ্রামে বাড়ির পাশে গাছ চাপা পড়ে দিলবর মিস্ত্রি (৫৫) নামে আরো এক ব্যক্তি প্রাণ হারান। উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে দাফনের জন্য ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছে।
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জানান, ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফতেমা আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন খুকি বেগম। ভোরে হঠাৎ ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি মেহগনি গাছ উপড়ে তাদের ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ইউএনও জিন্নাতুল আরা জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করা হয়েছে।