উপস্থাপনায় দুর্দান্ত দু’জন

Printed Edition
bino 2
উপস্থাপনায় দুর্দান্ত দু’জন

বিনোদন ডেস্ক

বাংলাদেশের মিডিয়াতে উপস্থাপনায় যে দু’জন উপস্থাপিকা তাদের উপস্থাপনা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন অনেক আগেই এবং টানা বেশ কয়েকটি বছর যে দু’জন উপস্থাপনায় তাদের মেধা, গুণ দিয়ে আধিপত্য বিস্তার করে আছেন তারা হলেন মৌসুমী মৌ ও নীল হুরেজাহান। মৌসুমী মৌ বাংলা ভাষাতেই উপস্থাপনায় অনবদ্য। অন্যদিকে নীল হুরেজাহান বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই উপস্থাপনায় দুর্দান্ত। নিজের ব্যস্ততা প্রসঙ্গে মৌসুমী মৌ জানালেন, আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত নিজেকে সময় দেয়ার মতোও সময় তার নেই। উপস্থাপনার কাজ নিয়েই টানা ব্যস্ত তিনি। অন্যদিকে নীল হুরেজাহানও ব্যস্ত সময় পার করছেন উপস্থাপনায়। যেহেতু মাঝে মধ্যে নীল অভিনয়ও করেন এবং মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন, সে কারণে তাকে মাঝে মধ্যে অভিনয়েও দেখা যায়। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে নীল হুরেজাহানের নতুন একটি মিউজিক ভিডিও। শিরোনামহীনের ‘এই অবেলায়’ গানের মিউজিক ভিডিওর মডেল হিসেবে উপস্থিত হয়ে এই মুহূর্তে রয়েছেন বেশ আলোচনায়। গানটি গেয়েছেন শেখ ইসতিয়াক। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে। এদিকে মৌসুমী মৌ গতকাল চট্টগ্রামে বিএসআরএমের শোতে উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। আজ ঢাকায় ফিরেই তিনি জিটিভির ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানের তৃতীয় সিজনের শুটিংয়ে অংশ নেবেন। এছাড়াও বছরের শেষ দিনে তিনি এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘সেরা পরিবার’-এর উপস্থাপনার কাজ আবারো শুরু করতে যাচ্ছেন। এ ছাড়াও তিনি নিয়মিত বিজয় টিভির ‘জীবনের গল্প’, একটি জাতীয় দৈনিকের ‘ক্যাফে লাইভ’, এটিএন বাংলার ‘মিউজিক লাউঞ্জ’, আরেকটি ইংরেজি দৈনিকের ‘স্পট লাইট’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন। নীল হুরেজাহান ডিসেম্বরজুড়েই স্টেজ শো, টিভি শো নিয়ে ভীষণ ব্যস্ত। তবে প্রফেশনাল নেটওয়ার্ক সোশ্যাল অ্যাপ ‘স্টার্ট আপ’-এর সিইও হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ভীষণ ব্যস্ত নীল হুরেজাহান। নিয়মিত অভিনয়ের প্রস্তাবও পান তিনি। এরই মধ্যে সাবরিনা আইরিনের নির্দেশনায় একটি স্কিন কেয়ার পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। নিজেদের পেশাগত কাজ নিয়ে মৌসুমী মৌ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আমার পেশাগত কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। বিগত আড়াই মাসে আমি একটি দিনও ছুটি কাটাতে পারিনি এবং আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ব্যস্ত আমি। পরিবারের কথা ভেবেই নিজেকে পেশাগত কাজে ব্যস্ত রাখি। সবার দোয়ায় ভালোভাবে কাজটা করে যেতে চাই সম্মানের সাথে সবার ভালোবাসা নিয়ে।’ নীল হুরেজাহান বলেন, ‘উপস্থাপনা নিয়ে আমি তৃপ্ত। তবে আমি আরো আরো ভালো করতে চাই। পাশাপাশি আমার ওপর যত অর্পিত দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করতে চাই। অভিনয়ের প্রস্তাব আসে নিয়মিত। কিন্তু গল্প এবং চরিত্র ভালো না লাগলে তা করা হচ্ছে না।’