৭২ বছরে আত্মজীবনী প্রকাশ অঞ্জনের
Printed Edition
বিনোদন প্রতিবেদক
এবার আত্মজীবনী লিখে জীবনের গল্প পাঠকের কাছে তুলে এনেছেন গায়ক অঞ্জন দত্ত। আগামী ১৯ জানুয়ারি তার জন্মদিন। ৭২ বছর পূর্ণ করে পা রাখবেন ৭৩-এ। জন্মদিনকে সামনে রেখেই নিজের নতুন এই সৃষ্টি পাঠকের হাতে তুলে দিলেন তিনি। গত ১৫ জানুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে আয়োজিত ‘বাহাত্তরে অঞ্জন’ অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন।
প্রকাশিত ‘অঞ্জন নিয়ে’ বইয়ে গায়ক কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সাথে সম্পর্ক, জার্মানিতে চাকরির অভিজ্ঞতা এবং সত্যজিৎ রায়ের সাথে মজার স্মৃতি তুলে ধরেছেন। কেন এই বয়সে আত্মজীবনী? এমন প্রশ্নে অঞ্জন দত্ত বলেন, ‘৭২ বছর শেষ করে ৭৩-এ পা রাখার সময় মনে হলো, আত্মজীবনী লিখতে এখনই সঠিক সময়। পরে হলে হয়তো আর পারব না। তখন হয়তো খুব সেন্টিমেন্টাল হয়ে পড়ব, আমার সেন্স অব হিউমার কমে যাবে।’
তিনি আরো যোগ করেন, ‘স্মৃতিকথা লিখতে হলে সত্যি কথাই লিখতে হয়। আমি সেই সত্যি কথাগুলোই লিখেছি। আশা করি আজকের প্রজন্মও বইটি উপভোগ করবে। এই গায়ক বলেন, ‘মৃণাল সেনের সাথে আমার সম্পর্কের কথা লোকে জানে। কিন্তু অনেকেই জানে না, সত্যজিৎ রায়ের সাথেও আমার একটা অদ্ভুত, মজার সম্পর্ক ছিল।’ সবশেষে তার ভাষ্য, ‘এসব কথা জানতে পারলে মানুষ আমাকে হয়তো আরো একটু ভালোভাবে চিনতে পারবে। আমার শেষ বয়সে সেই পরিচয়টাই রেখে গেলাম। আমার মনে হয়, আজকের প্রজন্মের ছেলেমেয়েদের ভালো লাগবে।’