বিইউপির সিনেট সদস্য হলেন ড. ওসমান ফারুক

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুককে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার এ মনোনয়ন দিয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ১৬ এপ্রিল সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা ওই পত্রে বলা হয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আইন অনুযায়ী ড. মুহাম্মদ ওসমান ফারুককে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

ড. ওসমান ফারুকের পাশাপাশি আরো চারজন সংসদ সদস্যকে একই পদে মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন- হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মুশফিকুর রহমান, কুমিল্লা-২ আসনের মো: সেলিম ভূঁইয়া এবং সিলেট-২ আসনের মোছা: তাহসিনা রুশদীর।