মেহেরপুরে মহিলা জামায়াতের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

Printed Edition

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে মহিলা জামায়াত নেত্রীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন। তিনি অভিযোগ করে বলেন, কয়েক দিন আগে বিএনপির কয়েকজন কর্মী এলাকায় মহিলা জামায়াত নেত্রীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার হুমকি দেয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গহরপুর গ্রামে প্রচারণায় গেলে আলিহিম ও হায়দারের নেতৃত্বে ৭-৮ জন বিএনপি কর্মী তাদের ওপর হামলা ও গালিগালাজ করেন। খবর পেয়ে উদ্ধার করতে গেলে স্থানীয় জামায়াতের পুরুষ কর্মীদের ওপরও হামলা চালানো হয়। এতে তিনজন জামায়াত কর্মী আহত হন। সংবাদ সম্মেলনে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ বিষয়ে জেলা নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে।