এনএসইউতে সোসাইটি ফর মডেলিং অ্যান্ড সিমুলেশনের যাত্রা শুরু

Printed Edition

নর্থসাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বাংলাদেশ সোসাইটি ফর মডেলিং অ্যান্ড সিমুলেশনের (বিএসএমএস) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির উদ্বোধন করা হয়। বিএসএমএস মূলত এশিয়ান সোসাইটি ফর মডেলিং অ্যান্ড সিমুলেশনের (এশিয়াসিম) একটি জাতীয় শাখা হিসেবে কাজ করবে। এশিয়াসিম একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে মডেলিং ও সিমুলেশন প্রযুক্তির উন্নয়ন, গবেষণা এবং এর বাস্তব প্রয়োগ সম্প্রসারণে নিবেদিত।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থসাউথ ইউনিভার্সিটির গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন মোল্লা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট খাতের পেশাজীবীসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সবার সর্বসম্মত সম্মতিক্রমে আগামী এক বছর মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নর্থসাউথ ইউনিভার্সিটির গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন। মেম্বার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব ন্যাচারাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ড. মাহতাব উদ্দিন। বিজ্ঞপ্তি।