হরমুজ প্রণালী বন্ধ

শতাধিক ট্যাংকারে আটকা হাজারো নাবিক

Printed Edition

বিবিসি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ১০৫টির বেশি ট্যাংকারে প্রায় দুই হাজার ৪০০ জন নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন ইন্টারট্যাংকো। ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এই জলপথ আবার চালু করা সম্ভব হচ্ছে না।

বিশ্ববাজারের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়েছে। ইন্টারট্যাংকোর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স জানান ইরানের উপকূলসংলগ্ন এলাকায় দীর্ঘ সময় আটকে থাকায় ক্রুদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়ছে। তিনি জানান, আটকে পড়া নাবিকদের খাবার, পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক বিষয়গুলোও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানেন না, কবে তারা ঘরে ফিরতে পারবেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, নৌপথে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপ অব্যাহত রয়েছে।