নিউ ইয়র্কের আকাশে বৈদ্যুতিক ট্যাক্সি

কয়েক ঘণ্টার পথ পাড়ি দেবে ১০ মিনিটে

Printed Edition

গাল্ফ নিউজ

নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রথমবারের মতো একটি সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। সড়কপথের দীর্ঘ যানজট এড়িয়ে এই প্রযুক্তির মাধ্যমে কয়েক ঘণ্টার পথ মাত্র ১০ মিনিটে পাড়ি দেয়া সম্ভব হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জোবি এভিয়েশন।

জোবি এভিয়েশন গত শুক্রবার এই সফল উড্ডয়ন চালায় এবং চলতি সপ্তাহেও তাদের পরীক্ষা অব্যাহত রেখেছে। এটি একটি ইভিটিওএল প্রযুক্তির যান যা হেলিকপ্টারের মতো খাড়াভাবে ওঠানামা করতে সক্ষম। এই ফ্লাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেখিয়েছে যে স্বল্প দূরত্বের শহরে আকাশপথে ভ্রমণের ধারণাটি এখন কল্পনা থেকে বাস্তবে রূপ নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে এই রুটগুলো ভবিষ্যতে তাদের বাণিজ্যিক পরিষেবার অংশ হতে পারে।

আগামী এক সপ্তাহ জোবি’র এই ট্যাক্সি নিউ ইয়র্কে চলাচলের জন্য আরো শান্ত ও পরিবেশবান্ধব উপায় প্রদর্শন করবে। এই কার্যক্রম নিউ ইয়র্ক সরকার এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতায় পরিচালিত হচ্ছে। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি একস্থান থেকে অন্যস্থানে ইভিটিওএল ফ্লাইট চালু করা হলো যা জেএফকে বিমানবন্দর থেকে ম্যানহাটনের হেলিপোর্ট নেটওয়ার্কে কয়েক মিনিটে পৌঁছে দেবে। এর মাধ্যমে বিদ্যমান অবকাঠামোর সাথে নিজেদের সার্ভিস সংযুক্ত করার পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।