খান এ সবুরের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

বাংলাদেশ মুসলিম লীগের সাবেক নেতা খান এ সবুরের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিকেল ৩টায় বাংলাদেশ মুসলিম লীগের অস্থায়ী কার্যালয়ে আজ সভাপতি জুবায়দা কাদের চৌধুরীর সভাপতিত্বে মহান মনীষীর ঘটনাবহুল জীবনের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা: হাজেরা বেগম, কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক।

খান এ সবুর ১৯১১ সালে ১ ফেব্রুয়ারি সাবেক খুলনা বর্তমান বাগেরহাট জেলার ফকিরহাট থানার আট টাকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা নাজমুল হোসেন খান ছিলেন একজন আইনজীবী।

মরহুম খান এ সবুর ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী ও তদানীন্তন জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন। খান এ সবুরের নেতৃত্বে ১৯৭৬ সালের ৮ আগস্ট বাংলাদেশ মুসলিম লীগ পুনর্গঠিত হয়। খান এ সবুর ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে ৩টি আসনে নির্বাচিত হয়ে এ দেশে সংসদীয় রাজনীতির বিরল ইতিহাস সৃষ্টি করেন। খান এ সবুর ১৯৮২ সালের ২৫ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর আগে তার স্থাবর ও অস্থাবর সব সম্পদ খান এ সবুর ট্রাস্ট নামে জনকল্যাণে দান করে যান। বিজ্ঞপ্তি।