নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

Printed Edition

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলায় নিজ ঘরে ঘুমের মধ্যে মাহফুজুল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার ভোর রাতে উপজেলার কে. গাতী ইউনিয়নের দুঢানী দুধকুড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো মাহফুজুল রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রোববার ভোরে ফজর নামাজ আদায়ের জন্য তার মা উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে চমকে উঠেন। ঘরে ঢুকে টর্চের আলোয় বিছানায় ছেলের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শোনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত লাশ দেখতে পান। থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মুহাম্মদ আবুল খায়ের নয়া দিগন্তকে বলেন, রাতের খাবারের পর ঘরের দরজা খোলা রেখে ওই যুবক নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে নিজ ঘরের বিছানায় গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। এর কারণ অনুসন্ধান ও তদন্ত শেষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।