গণরায়কে পাশ কাটানো চেষ্টা সরকারের জন্যই আত্মঘাতী হবে : সেলিম উদ্দিন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সরকার কোনোভাবেই গণরায় পাশ কাটাতে পারবে না, বরং তা তাদের জন্যই হবে আত্মঘাতী। সরকারকে টালবাহানা বন্ধ করে অবিলম্বে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা জনগণকে সাথে নিয়ে আবারো রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল সোমবার রাজধানী উত্তরার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানার আয়োজিত ‘ইউনিট প্রতিনিধি সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব ও জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের অন্যতম অর্জন। এ বিপ্লবই দেশ ও জাতিকে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত করেছে। এ জন্য রাজপথে জীবন দিতে হয়েছে হাজার হাজার তরতাজা প্রাণের। কিন্তু সরকার ক্ষমতায় গিয়ে এখন সব কিছু ভুলে যেতে বসেছে। কারণ, জুলাই বিপ্লবে তাদের উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না। তারা জুলাই সনদকে পাশ কাটানোর নানা ধরনের অপযুক্তি ও কুযুক্তি উপস্থাপন করছে সরকার।
তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের নতুন করে ঢেলে সাজাতে হবে। দায়িত্বশীলদের নেতৃত্বের গুণাবলি সৃষ্টি, বৈষয়িক ও ইসলামী জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য তাদের অবশ্যই অধ্যবসায়ী হতে হবে। তাহলেই ইসলামী বিপ্লব অনিবার্য হয়ে উঠবে। তিনি দেশকে ন্যায়-ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ময়দানে সক্রিয় থাকার আহ্বান জানান।
থানা আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি বদিউজ্জামান বকুলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও উত্তরা জোনের সহকারী জোন পরিচালক মাহবুবুর রহমান। সম্মেলনে আরো বক্তব্য রাখেন থানা নায়েবে আমির হারুনুর রশিদ তারেক, থানা কর্মপরিষদ সদস্য সাদেকুল ইসলাম, ওসাম গনী জুয়েল, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, নাঈম হাসান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান প্রমুখ।