ভালো ব্যাটিং করতে পারিনি : শান্ত

Printed Edition
khela-1
বোল্ড আউট হয়ে স্ট্যাম্পের দিকে তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত : ক্রিকইনফো

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া সফরটা ভালো-মন্দের মিশেলে কাটিয়েছে বাংলাদেশ। ডারউইনে ইতিহাস রাঙানো ৯ উইকেটের জয়ের পর ম্যাকাইয়ে লেজেগোবরে দশা সেই একই দলের। যদিও সফর শুরুর আগের কথা ভাবলে একটি জয়ই তো ছিল সোনার হরিণ। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে সেই জয় ধরা দিয়েছে, তাতেই তৃপ্তির বড়সড় গল্প লেখা সম্ভব।

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়। ম্যাকাইতে টস জিতে আগে বোলিং নেয়া অস্ট্রেলিয়া শুরু থেকেই পেসারদের জন্য সহায়ক কন্ডিশন কাজে লাগায়। তবে শান্ত মনে করেন, সেটি ব্যাটিং ব্যর্থতার অজুহাত হতে পারে না।

ম্যাকাইতে ব্যাটিং বিপর্যয়ে দুই দিনের মধ্যে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে চা বিরতির পরেই শেষ খেলা। ম্যাচের দুই ইনিংসের কোনোটিতেই একশ রান পার করতে পারেনি টাইগাররা। ব্যাটিংয়ে লেজেগোবরে দশার খেসারত দিয়ে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। তবে এমন হারের পর কঠিন কন্ডিশনকে দায়ী করতে রাজি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সোজাসাপ্টা স্বীকারোক্তি, বাংলাদেশ ভালো ব্যাটিংই করতে পারেনি।

তিন শূন্যের পরও লিটনে আস্থা

অস্ট্রেলিয়া সফরে রানই করতে পারলেন না লিটন দাস। দল সাফল্য পেলেও লিটনের ব্যাটে রান ছিল না। তিন ইনিংস ব্যাট করে তিনটিতেই ডাক। রানের খাতা না খুলেই অস্ট্রেলিয়া সফর শেষ হলো লিটনের। যদিও খেলা শেষে লিটনে আস্থা রাখার কথা জোর দিয়ে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ‘লিটন ভাই আগে এ রকম ৩-৪টা ভালো ইনিংসও খেলেছে। ফলে এই তিন শুন্য আমি সেভাবে দেখছি না। আমি এখনো মনে করি লিটন ভাই যেভাবে ছয়ে নেমে রান করে দলের জন্য সেটা বেশি কার্যকর হয়। হতে পারে, এরকম কঠিন কন্ডিশনে ভালো বলে অনেক সময় আউট হয়ে যেতে পারে। আমরা তার কোয়ালিটি জানি এবং টেস্ট দলে কিভাবে প্রভাব রাখছেন- সেটি আমরা জানি। আশা করি সামনে উন্নতি করবে।’

র‌্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

অসি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে ৬ষ্ঠ স্থানে রয়েছে টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি জেনেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘ভালো খবর অবশ্যই। তবে ভালো খবরটা আরো ভালো হতো যদি এই টেস্টে আমরা ভালো খেলতে পারতাম। ছয় নাম্বারে টেস্টে প্রথম আসতে পারলাম, এটা অনেক বড় অর্জন। ৬ নাম্বারে উঠে এসেছি এটা অনেক ভালো ব্যাপার। টেস্ট ক্রিকেট নিয়ে আমার স্বপ্নের কথা বললে কেউ বিশ্বাস করতে চাইবে না। এটা সিক্রেট থাকুক, যদি কখনো অর্জন করতে পারি তাহলে বলব।’

ডারউইনের সাফল্য ম্যাকাইয়ে ভুলে গেছে

হারের পর ডারউইনের সাফল্য ভুলে গেছে সবাই। ‘আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি ভুলি নাই। আশা করি দেশের মানুষও ভুলে নাই। অনেক বড় অর্জন। তবে এই ম্যাচ আমরা ভালো ক্রিকেট খেলিনি। এটা হতেই পারে। সবাই চেষ্টা করেছে। আমরা কোন দলকে হারিয়েছি, এই ম্যাচ দেখলে বোঝা যাবে। ওরা যেভাবে কামব্যাক করেছে। টসে জিতে ফিল্ডিংও নিয়ে নিল, নরমালি ওরা এটা করে না। আমরাই ওদেরকে চ্যালেঞ্জের মুখে দিয়েছি। ব্যাটিংয়ে তাদেরকে দুইশতে অলআউট করে দিয়েছি।’ তিনি বলেন, নিউজিল্যান্ডে আমাদের জয় ছিল, অস্ট্রেলিয়াতে হলো, আশা করি সামনে দক্ষিণ আফ্রিকাতে হবে।’

বোলারদের উন্নতীতে মুগ্ধ

ম্যাকাইয়ে শরিফুল ইসলামের ৭ উইকেট, এর আগে ডারউইনে হাসান মাহমুদের ৯ উইকেট চোখে লেগে থাকবে অনেক দিন। ‘বোলারদের পারফরম্যান্সে অনেক খুশি। বাংলাদেশের পেসাররা ২০ উইকেট অনেকবারই নিয়েছি গত কয়েক বছরে। এখানে উন্নতি করছি আমরা। এখন ব্যাটিং ইউনিট হিসেবে বড় রান করা দরকার, এখানে আরো উন্নতি লাগবে। কারণ বোলাররা দারুণ করে যাচ্ছে।’ তিনি যোগ করেন নাহিদ রানাকে মিস করেছি। আর শরিফুল যেভাবে খেলেছে ইনজুরির পর, এটা প্রমাণ করে যে আমরা কারও উপর নির্ভর না। ইতিবাচক দিক।