শেষ মুহূর্তের গোলে জয়ী ম্যানসিটি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নতুন মৌসুমের শুরুতেই দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে অনেকটা সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়েছে এনজো মারেস্কার দল। ম্যাচের শেষ ১০ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে সিটি। অপর ম্যাচে ব্রাউটন ৪-০ গোলে অ্যাস্ট ভিলাকে পরাজিত করেছে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। তবে আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি তারা। অন্য দিকে সুযোগের অপেক্ষায় থাকা বোর্নমাউথ ২৬ মিনিটে এগিয়ে যায়। রায়ান ও এভানিলসনের তৈরি আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে মার্কাস ট্যাভার্নিয়ার গোল করেন। প্রথমার্ধে একাধিকবার সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি সিটি। বিরতিতে ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে নেয়ার চেষ্টা করে সিটি। এনজো মারেস্কা একাধিক পরিবর্তন এনে আক্রমণে গতি বাড়ান। তবু বোর্নমাউথের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। এ দিকে আর্লিং হলান্ডও নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না।

শেষ পর্যন্ত ৮৪ মিনিটে কাক্সিক্ষত সমতা পায় সিটি। কর্নার থেকে আসা বলে মার্ক গুয়েহি হেড করে জালে পাঠান এবং ম্যাচে ফেরান স্বাগতিকদের। তখনো জয় নিশ্চিত হয়নি। কিন্তু নাটকের শেষ অঙ্ক বাকি ছিল আরো কিছুক্ষণ।

যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন ইয়োস্কো গাভার্দিওল। রায়ান শেরকির তৈরি সুযোগ থেকে বল পেয়ে তিনি নিচু শটে বল জালে পাঠান। শুরুতে অফসাইডের ইঙ্গিত দেয়া হলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। ফলে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এই জয় মারেস্কার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন কোচ হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেকেই জয় পেলেন তিনি। তবে পারফরম্যান্সে কিছু দুর্বলতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে মাঝমাঠ ও আক্রমণভাগে আরো ধারাবাহিকতা প্রয়োজন। তবু শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে পাওয়া এই জয় নতুন মৌসুমে সিটিকে আত্মবিশ্বাস জোগাবে।

রিয়াল মাদ্রিদের জয়

রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায়ের শুরুটা হলো নাটকীয় জয়ে। লা-লিগায় মৌসুমের প্রথম ম্যাচে এস্পানিওলকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।