সম্পর্ক পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যেকোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা তাদের জন্যও উপকারী হতে হবে, আমাদের জন্যও হতে হবে। আমি বাস্তববাদী, আমি আশা করি না প্রতিবেশীরা কেবল আমাদের স্বার্থ রক্ষার্থেই কাজ করবে। তারা যেমন আমাদের স্বার্থকে শ্রদ্ধা জানাবে, একইভাবে তাদের স্বার্থকেও আমাদের পর্যাপ্ত ও যৌক্তিকভাবে সম্মান করা উচিত।

ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের এক অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বাংলাদেশ সরকারের দাবির বিষয়ে জানতে চাওয়া হলে জয়শঙ্কর বিস্তারিত আলোচনা এড়িয়ে এ কথা বলেন। গত শনিবার দিল্লিতে ফোরামের এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জয়শঙ্কর জানান, প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ অনুযায়ী কাজ করবে- এমনটা দিল্লি প্রত্যাশা করে না। বরং উভয় পক্ষ যেখানে সাধারণ জায়গায় ঐকমত্যে পেঁৗঁছাতে পারে, সেখানেই দ্বিপক্ষীয় সম্পর্ক মসৃণ হয়।

প্রসঙ্গত, ভারত ইতোমধ্যে দ্বিপক্ষীয় সফর এবং বিমসটেক জোটের চেয়ারম্যান হিসেবে আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। এ সফরের আগে বাংলাদেশ শেখ হাসিনাসহ অন্যান্য অপরাধীর প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের ভারতের কাছ থেকে ফেরত চেয়েছে।