হোবার্টকে হারিয়ে এইচপির দ্বিতীয় জয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাব্বির রহমানের বিধ্বংসী ব্যাটিংয়ে টপ অ্যান্ড টি-২০তে হোবার্ট হারিকেন্স অ্যাকাডেমিকে (১৫৩/৭) তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিলে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) দল (১৫৫/৭)। হাই ভোল্টেজ ম্যাচে বলতে গেলে এক সাব্বিরের কাছেই হেরেছে বিগ ব্যাশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অ্যাকাডেমি দলটি। ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে এইচপির তৃতীয় ম্যাচটি আজ বাংলাদেশ সময় বেলা ১১টায়।

ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি দল। প্রথম ওভারেই দলকে উইকেট এনে দেন আবু হায়দার রনি। সাজঘরে ফেরান জ্যাক ডোরানকে। পরের ওভারে মোহাম্মদ রুবেল শিকার করেন নিভেথান রাধাকৃষ্ণণকে। এরপর ব্র্যাডলি হোপ ও টিগুই ওয়াইলি ৩৮ রানের জুটি গড়েন। ১৭ বলে ২২ রান করা হোপকে বিদায় দেন আব্দুল গাফফার সাকলাইন। ওয়াইলি ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে না পারলেও শেষপর্যন্ত ৫৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৭৮ রান করে অপরাজিত থাকেন ওয়াইলি। নির্ধারিত ২০ ওভারে হোবার্টের সংগ্রহ ৭ উইকেটে ১৫৩ রান । এইচপির পক্ষে রুবেল তিনটি, রিপন ম-ল দুটি এবং আবু হায়দার রনি ও সাকলাইন একটি করে উইকেট পান।

জবাব দিতে নেমে শুরুতেই আউট হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম। সুবিধা করতে পারেননি জিসান আলম ও অধিনায়ক ইরফান শুক্কুরও। তবে সাব্বির রহমান ৪ নম্বরে নেমে হোবার্টের বোলারদের আত্মবিশ্বাস নষ্ট করে একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নাভিশ্বাস তোলেন প্রতিপক্ষের। ৩৬ বলে ৫ চার ও দুই ছক্কায় পূর্ণ করেন ফিফটি। শেষপর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে সাজঘরে ফিরেন। শামীম ২৪ বলে ১৬ রান করে বিদায় নিলে এসএম মেহরব ১৪ বলে ১৩ রান করেন। সাকলাইন ১৩ বলে ১৯ ও আবু হায়দার রনি ৫ বলে ৮ রান করে অপরাজিত থেকে শেষ ওভারে জয় নিয়েই মাঠ ছাড়ে এইচপি দল।