ভোটের আগে ময়মনসিংহে বহুদলীয় বার্তা : নির্বাচন হবে শান্তিপূর্ণ

Printed Edition

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে একসাথে পথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামা য়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, গণ সংহতি আন্দোলন, গণফোরামসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটারদের উদ্দেশে দেয়া হচ্ছে অভিন্ন বার্তা; নির্বাচনী প্রতিযোগিতা হবে শান্তিপূর্ণ, সংযত ও দায়িত্বশীল।

চার দিনব্যাপী এই বহুদলীয় শান্তি ও সম্প্রীতি প্রচারণার আয়োজন করেছে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ময়মনসিংহ, হারমনি টিম-ময়মনসিংহ এবং ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল। আয়োজকদের জানানো হয়েছে, গত অক্টোবর থেকে এমএএফ ময়মনসিংহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা তুলে ধরছে। সোমবার সংগঠনটির সভাপতি এ কে এম মাহাবুবুল আলম ও সম্পাদক জামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচনী রাজনীতিকে ঘিরে জনমনে যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে ভিন্ন রাজনৈতিক অবস্থানের দলগুলোর নেতাদের এক মঞ্চে আনা ভোটারদের আশ্বস্ত করার গুরুত্বপূর্ণ প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকরা। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ভোটারদের প্রত্যাশা; প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন সহিংসতায় রূপ না নেয়।

এই বহুদলীয় উদ্যোগের সূচনা হয় ২২ জানুয়ারি ময়মনসিংহ-৪ (সদর) আসনে। সংগঠনটির অভিন্ন ঘোষণা, ‘সহিংসতা নয়, শান্তিই আমাদের অঙ্গীকার’। বিজ্ঞপ্তি।