সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

শ্রীনগরে তৈরি হচ্ছে ভেজাল প্রসাধনী

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ভবনের নিচতলায় গোপনে তৈরি হচ্ছে নিম্নমানের ভেজাল প্রসাধনী। উপজেলার ভাগ্যকুল-দোহার সড়কের বাঘড়া এলাকার কাদিরের দোকানের প্রধান সড়কের উত্তর পাশে ‘আশা সততা এন্টারপ্রাইজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ডের আড়ালে প্রায় সাড়ে তিন বছর ধরে এসব প্রসাধনী তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিন দেখা যায়, ভবনের লোহার গেট বন্ধ করে ছোট্ট একটি কক্ষে বালতি ও হাঁড়িতে বিভিন্ন রাসায়নিক ও রং মিশিয়ে প্রসাধনী তৈরি করা হচ্ছে। পরে সেগুলো প্লাস্টিকের কৌটায় ভরে ‘সুপার ডে’ নামে মোড়কজাত করা হচ্ছে। এ সময় কারখানায় কোনো কেমিস্টের উপস্থিতি দেখা যায়নি। কারখানার শ্রমিক রিজভী জানান, এসব প্রসাধনী পাইকারি বিক্রি করা হয়। পণ্য তৈরির বিষয়ে তিনি বলেন, ‘আমি একাই সব কাজ করি।’ ভবনের মালিক মহিউদ্দিন রবিন বলেন, ‘জায়গার মালিক আমি একা নই। কসমেটিকস কারখানা সম্পর্কে আমি কিছু জানি না।’শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

ভুরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দু’টি কক্ষে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও সাত বস্তা ডিএপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম খোকনকে চার লাখ টাকা জরিমানা করে। অপর দিকে ভ্রাম্যমাণ আদালত কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পায়। এ ঘটনায় মেসার্স রফিক ট্রেডার্সের মালিক রফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী মরিয়ম খাতুনকে (২২) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ফরহাদ হোসেনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ছাড়া ঘটনার তথ্য গোপন ও আলামত নষ্টের অভিযোগে নিহত মরিয়মের শ্বশুর ফজলুর রহমান (৫৫) ও শাশুড়ি ফাহিমা বেগমকে (৪৭) দুই বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নাটোর প্রতিনিধি।

দিনাজপুরে নৌকা ডুবে যুবকের মৃত্যু

দিনাজপুরের কান্তনগর মন্দির থেকে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দিনাজপুর শহরের রাজবাড়ীর উদ্দেশে নদীপথে আসার সময় ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহনকারী একটি নৌকা উল্টে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে কাহারোল উপজেলার ঢেপা নদীর বেলডাংগী ঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম স্বাক্ষর কুণ্ডু (২৫) বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্বাক্ষর কুণ্ডু দিনাজপুর শহরের কালিতলা এলাকার সিন্টু কুণ্ডুর ছেলে। ঘটনার পর পরই নৌকা উল্টে পানিতে তলিয়ে যাওয়া স্বাক্ষর কুণ্ডুকে উদ্ধারে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের অভিযান জোরদার করা হয়েছে। দিনাজপুর প্রতিনিধি।

চরভদ্রাসনে শত বছরের খাল দখলমুক্ত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের শত বছরের পুরোনো সরকারি খাল দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে খাল দখলের অভিযোগে অভিযুক্ত সায়েদ মোল্লাবাড়ি থেকে চলে যান। তাকে ফোনে যোগাযোগ করে ঘটনাস্থলে উপস্থিত করার চেষ্টা করা হলেও তিনি উপস্থিত হননি। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে খাল দখলে ব্যবহৃত ভরাট বালু, পাইলিংয়ের বাঁশ, সিমেন্টের রিং পাইপসহ বিভিন্ন মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দিপু খান ১০ হাজার টাকা নগদ মূল্যে এসব মালামাল কিনে নেন। তিনি পাঁচ দিনের মধ্যে মালামাল সরিয়ে নিয়ে খালটি সম্পূর্ণ অবমুক্ত করার কথা ইউএনওকে জানান। চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা।

সিলেটে ৬৬ লাখ টাকার পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল এবং সোনারহাট বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় গরু, মহিষ, মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, ফল, চকোলেট, চিনি, সবজি, কম্বল, বিস্কুট, সনপাপড়ি, টাইগারবাম এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লক্ষ ৮ হাজার ৬ শত ৯০ টাকা। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। সিলেট ব্যুরো।

কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো: দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন খান দক্ষিণ চেঁচরী গ্রামের মো: হারুন খানের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে বৃষ্টির মধ্যে দেলোয়ার হোসেন নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা।

পোরশায় পুলিশের সচেতনতামূলক সভা

নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে জেলা পুলিশের এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার থানা পুলিশ ও জেলা পুলিশের আয়োজনে মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। পোরশা (নওগাঁ) প্রতিনিধি।