মানুষের অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য : বিমানমন্ত্রী রিতা

Printed Edition

মানিকগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অতীতের সব অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলাদেশ বিমানকে একটি স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য এবং আইনের সুশাসন নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলামসহ প্রশাসন ও আইন অঙ্গনের কর্মকর্তারা। এর আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে মন্ত্রী জেলা পরিষদের ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার নির্মাণকাজের উদ্বোধন করেন। এ ছাড়া দুপুরে সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী জানান, আপাতত অস্থায়ী ব্যবস্থা নেয়া হলেও ভবিষ্যতে স্থায়ী নদী শাসনের উদ্যোগ নেয়া হবে।