ধূমকেতু দলের আড়ালে জাতীয় দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বিগ ব্যাশ বা আইপিএলের মতো টুর্নামেন্টে বহুদিন ধরেই চালু আছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। এতে এমন একজন অতিরিক্ত খেলোয়াড় যাকে ক্রিকেট দল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশের কোনো খেলোয়াড়ের পরিবর্তে মাঠে নামাতে পারে, যা খেলায় কৌশলগত সুবিধা যোগ করে, অনেকটা ‘সুপার সাব’ বা ‘এক্স-ফ্যাক্টর প্লেয়ার’-এর মতো, যাকে বোলিং, ব্যাটিং বা ফিল্ডিংয়ের প্রয়োজনে ব্যবহার করা যায়) ধারণা। এবার সেই পথেই হাঁটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ‘অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬’-এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের ক্রিকেটে প্রয়োগ হতে যাচ্ছে এই বহুল আলোচিত নিয়ম। এই প্রতিযোগিতার জন্য তিন দলের স্কোয়াড ও ম্যাচ সূচি প্রকাশ করেছে বিসিবি। তিনটি দলের মধ্যে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশের আড়ালে রয়েছে জাতীয় দল।

বিশ্বকাপ চলাকালীন সময়েই আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। টুর্নামেন্টের আগে ৩ ও ৪ ফেব্রুয়ারি তিন দলই অনুশীলনে অংশ নেবে। ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশের ম্যাচ দিয়ে পর্দা উঠবে অদম্য বাংলাদেশ টি-২০ কাপের। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে খেলবে দুর্বার একাদশ এবং ৭ ফেব্রুয়ারি দুরন্ত একাদশের মুখোমুখি হবে দুর্বার। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনালে খেলবে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচই হবে সন্ধ্যা ৬টায়।

ধূমকেতু একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।

দুরন্ত একাদশ

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।