নির্বাচনে ভয়ঙ্কর ডিজিটাল হস্তক্ষেপ বাড়ছে ‘সাইবার যুদ্ধ’ আশঙ্কা

Printed Edition

বিশেষ সংবাদদাতা

বিশ্বজুড়ে নির্বাচনের আগে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, মেসেজিং অ্যাপ কিংবা তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ-সবকিছুই ব্যবহার হচ্ছে জনমত প্রভাবিত করা ও নির্বাচন প্রক্রিয়াকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে। আন্তর্জাতিক পর্যায়ে দেখা গেছে, রাজনৈতিক গোষ্ঠী ও হাইপারপার্টিসান নেটওয়ার্কগুলো সমন্বিতভাবে অপপ্রচার, ভুয়া তথ্য, অ্যাকাউন্ট হ্যাকিং এবং সাইবার নাশকতার আশ্রয় নিচ্ছে।

ডিজিটাল বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও নির্বাচনকে ঘিরে একই ধরনের ‘সাইবার যুদ্ধ’ শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও দলের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট লক্ষ্য করে হামলা, ভুয়া কনটেন্ট ছড়ানো এবং পরিকল্পিত বিভ্রান্তি তৈরির অভিযোগ ক্রমেই বাড়ছে।

যেভাবে শুরু হয় সাইবার অপারেশন

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, একটি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই সেটির স্ক্রিনশট বা বিকৃত কনটেন্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর সমন্বিতভাবে রাজনৈতিক বক্তব্য, প্রতিবাদ কর্মসূচি বা উসকানিমূলক প্রচারণা চালানো হয়। অনেক সময় বিষয়টি মূলধারার মিডিয়ায় পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্বল্প সময়ে ব্যাপক তথ্যপ্রবাহ তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোই এ কৌশলের লক্ষ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিট দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ইরান ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশে অতীতে এমন ডিজিটাল প্রভাব অপারেশনের নজির রয়েছে।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, পাসওয়ার্ড পরিবর্তন, অচেনা আইপি ঠিকানা ও সন্দেহজনক লগইনের তথ্য ই-মেইলে পাওয়া গেছে।

তাদের দাবি, ভিপিএন ব্যবহারের কারণে লোকেশন হিসেবে বিদেশি অঞ্চল দেখালেও প্রকৃত উৎস শনাক্ত করা কঠিন। বিষয়টি সাইবার ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।

গত এক মাসে দলটির কেন্দ্রীয় কার্যালয় ও একাধিক নেতার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে ধারাবাহিক অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ফিশিং ও ম্যালওয়্যার ঝুঁকি

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বা অফিসিয়াল ই-মেইলের আদলে ভুয়া বার্তা পাঠিয়ে ‘জরুরি’ ফাইল বা অ্যাটাচমেন্ট খোলার প্রলোভন দেখানো- এটি এখন সবচেয়ে সাধারণ কৌশল। এসব ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল হয়ে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যেতে পারে।

ফিশিং লিংকে লগইন তথ্য দিলে বা সন্দেহজনক থার্ড-পার্টি অ্যাপ ইনস্টল করলেও অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হওয়ার ঝুঁকি থাকে।

হ্যাকের পর রাজনৈতিক প্রতিক্রিয়া

অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগের পরপরই সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি দেখা যায়। এ নিয়ে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্যও আসে।

জামায়াতের দাবি, এটি পরিকল্পিত রাজনৈতিক অপপ্রচার। তবে তারা আনুষ্ঠানিকভাবে কোনো দলকে দায়ী করেনি।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল কনটেন্ট যাচাই না করেই প্রতিক্রিয়া জানানো রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং এতে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।

কেন বাড়ছে মিসইনফরমেশন

নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সামাজিক মাধ্যমে বেনামি পোস্ট, কৃত্রিম ছবি বা ভিডিও, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া কনটেন্টও ছড়ানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কয়েকটি ভুয়া ছবি ও দাবি ফ্যাক্ট-চেকে অসত্য প্রমাণিত হলেও তা দ্রুত ভাইরাল হয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

পুলিশের ভূমিকা ও তদন্তের প্রশ্ন

সাইবার হামলার অভিযোগে জিডি ও মামলা হলেও তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ফরেনসিক তদন্ত দ্রুত ও দক্ষভাবে না হলে অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তারা নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন, সাইবার অডিট এবং বিশেষ নিরাপত্তা প্রোটোকল চালুর সুপারিশ করেছেন।

সাইবার যুদ্ধের বাস্তবতা

বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের অ্যাকাউন্ট হ্যাক, ভুয়া ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, অথবা কৃত্রিমভাবে তৈরি কনটেন্ট দিয়ে জনমত প্রভাবিত করা-এসবই আধুনিক সাইবার যুদ্ধের অংশ।

এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে সহিংসতার ঝুঁকি বাড়তে পারে।

ডিজিটাল প্ল্যাটফর্ম এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। নির্বাচনকে ঘিরে তথ্যযুদ্ধ, হ্যাকিং ও অপপ্রচার মোকাবেলায় রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রযুক্তিগত দক্ষতা এবং জনসচেতনতা-সবকিছুর সমন্বিত উদ্যোগ জরুরি। নইলে ভোটের লড়াই মাঠের আগে শুরু হয়ে যাবে অনলাইনে-যেখানে সত্য ও মিথ্যার সীমারেখা দ্রুত ঝাপসা হয়ে যায়।