সাধারণ পরিষদের সভাপতি পদপ্রার্থী খলিলুর রহমান : লড়বেন সাইপ্রাসের সাথে
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে জয় পেতে তিনি সমন্বিত কূটনৈতিক তৎপরতা চালানোর নির্দেশনাও দিয়েছেন।
আগামী ২ জুন সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ থেকে ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় ২০২৬-২৭ মেয়াদের জন্য এ পদে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সাইপ্রাস।
ইতঃপূর্বে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ২০২৬-২৭ মেয়াদের জন্য সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ পদে নতুন প্রার্থী দেয়া হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস।
সর্বশেষ ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসঙ্ঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর বাংলাদেশ আবারো এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।