হর্নের বিরুদ্ধে শোভাযাত্রা
শব্দদূষণ রোধে কঠোর হচ্ছে সরকার : রিজওয়ানা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
অকারণে হর্ন বাজানোর ‘বদ অভ্যাস’ পরিবর্তন এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আয়োজিত এক বিশাল মোটর শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
পরিবেশ অধিদফতরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় পরিবেশ অধিদফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এই সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে। ‘আর নয় শব্দ দূষণ, জয় হোক সুস্থ জীবন’ সেøাগানকে সামনে রেখে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা (মানিক মিয়া অ্যাভিনিউ) থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি ফার্মগেট, কাওরানবাজার সার্ক ফোয়ারা এবং বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতর সদর দফতরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অকারণে হর্ন বাজানো আমাদের সমাজের একটি দীর্ঘ দিনের মজ্জাগত সমস্যা। এই অভ্যাস পরিবর্তনের জন্য শুধু আইন যথেষ্ট নয়, মানুষের মানসিকতার পরিবর্তনও জরুরি। আমাদের পরবর্তী প্রজন্মকে বধির হওয়া থেকে বাঁচাতে হলে শব্দদূষণের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
উপদেষ্টা আরো জানান, ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’-এর গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। নতুন এই বিধিমালার অধীনে পরিবেশ অধিদফতরের পাশাপাশি পুলিশকেও আইনি ব্যবস্থা নেয়ার বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। যেহেতু পুলিশ সদস্যরা সবসময় রাস্তায় থাকেন, তাই তারা এখন থেকে শব্দ দূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। তিনি আরো বলেন, ঢাকার বেশ কিছু এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে কঠোর মনিটরিং নিশ্চিত করা হবে।
হর্ন বাজানোর পাশাপাশি আতশবাজি ফোটানোর বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, নববর্ষের মতো বিশেষ উৎসবে নির্দিষ্ট স্থানে আতশবাজি ফোটানোর নিয়ম করার চেষ্টা করছে সরকার। এ ছাড়া গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে হর্ন না বাজানোর বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: সারোয়ার।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনিসুর রহমান এবং প্রকল্প পরিচালক ফরিদ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০ দিনব্যাপী মোবাইল কোর্ট ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে, যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল আজকের এই বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে। এই কর্মসূচিতে ‘গ্রিন ভয়েস’-এর একদল তরুণ স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।