নাহিদার শততম ম্যাচে হার
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-২০
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নাহিদা আক্তারের জন্য দিনটি হতে পারত স্মরণীয় এক উৎসবের! আন্তর্জাতিক টি-২০তে শততম ম্যাচ খেলতে নামার আগে সতীর্থদের শুভেচ্ছা, হাতে স্মারক, মুখে হাসি-সবমিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল আনন্দঘন পরিবেশ। কিন্তু ম্যাচ শেষে সেই হাসি মিলিয়ে যায় পরাজয়ের হতাশায়। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৫ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৩৬ রান। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
লড়াইটাই একা করলেন স্বর্ণা আক্তার। জয়টা এনে দিতে পারলেন না। ১৬২ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত ১৬ রানে ফেরদৌস আউট হতেই ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে শুধু ফিফটি করে পরাজয়ের ব্যবধান কমান স্বর্ণা আক্তার। তার ৬০ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার দিলারা। ১৩৩.৩৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মালকি মাদারা-মিথিলা আয়োধায়া ও চামিরা আতাপাত্তু।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে জোড়া ফিফটিতে ১৬১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। ইমেশা দুলানির ৫৫ এবং সর্বোচ্চ ৬১ রান করেন হার্শিতা সামারাবিক্রমা। তাদের বাইরে ৩২ রান করেন অধিনায়ক চামিরা আতাপাত্তু। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা খাতুন।