সমালোচনার জবাবে উপদেষ্টা বশিরউদ্দীন

আমার আগে ২২ জন মন্ত্রী বিমান বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বেবসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আইনের বাইরে কোনো কিছু করেননি বলে দাবি করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, এর আগেও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছিলেন একে একে ২২ জন মন্ত্রী।

গতকাল রোববার দুপুরে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গত বছরের ২৬ অগাস্ট বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর পর থেকেই তার বিরুদ্ধে কিছু মহল চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া নিয়ে সমালোচনা শুরু করে। তিনি বাণিজ্য মন্ত্রণালয়েরও উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

বিমানের বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার দাবি করে বশিরউদ্দীন বলেন, এর আগে ২২ জন মন্ত্রী এবং উপদেষ্টা বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আমি ২৩তম। প্রধানমন্ত্রীও বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এখানে তো আইনের কোনো বাধ্যবাধকতা লঙ্ঘিত হয়নি। সো (সাংবাদিক) আপনি যদি এই একটা জায়গায় নেইল ডাউন করেন আমাকে, তাহলে আমরা ফ্যাসাদ তৈরি করার জন্য অনেক আলোচনা করতে পারি। কিন্তু আপনি যদি এইটা বলেন যে, এর বিনিময়ে বিমানে কী অর্জিত হয়েছে। বিমান একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং আমরা মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ২০ হাজার টাকায় টিকিট বিক্রি করছি, এর ফলে বিমান অতিরিক্ত ১২০ কোটি টাকার মুনাফা করল। এটা কি সেলিব্রেশনের পয়েন্ট হতে পারে না?

সম্প্রতি ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এ প্রকাশিত ‘দ্য লর্ড অব উইংস’ নামে একটি প্রতিবেদন নিয়েও সংবাদ সম্মেলনে স্পষ্ট কথা বলেন বিমান উপদেষ্টা। তিনি বলেন, আমাকে নাম দিয়েছে ‘দ্য লর্ড অব উইংস’। দুর্ভাগ্যজনকভাবে ওনারা জানেন না হেলিকপ্টারের কোনো উইংস হয় না। আমার একটা হেলিকপ্টার আছে। আর আমার হেলিকপ্টার আমি কালকে কিনিনি। আমি হেলিকপ্টার কিনেছি ১৪ বছর আগে। ১৪ বছর ধরে আমি এই হেলিকপ্টারটা ফ্লাই করি।

সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। তিনি বিমানবন্দরে প্রতিষ্ঠান ইজারা, বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ এবং এভিয়েশন খাতের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।